গোঁসাই আশ্রমে বটবৃক্ষ তলে নারীদের সন্তানের আশায় আঁচল পেতে মানত

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:০৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১০:০৫:২৪ অপরাহ্ন
লালপুর (নাটোর) থেকে আলাউদ্দিন
লালপুর উপজেলার রামকৃষ্ণপুরের শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই সৎসঙ্গ সেবা আশ্রমে নবান্ন উৎসব ঘিরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নিঃসন্তান নারীদের মানত করা নিয়ে উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত ২২ নভেম্বর সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে ভিড় জমতে থাকে নি.সন্তান নারীদের। দূর-দূরান্ত থেকে আসা নারীরা স্নান শেষে ভেজা কাপড়ে শতবর্ষী বটগাছের নীচে আসন পেতে রঙিন শাড়ির আঁচল মেলে রাখেন। তাদের বিশ্বাস-পূজার সময় গাছের কোনো পাতা বা ফল আঁচলে পড়লে সন্তান প্রাপ্তির লক্ষণ মিলবে। পুরো সময় তাদের সহযোগিতায় ব্যস্ত ছিলেন এক নারী বৈষ্ণব।
বগুড়া থেকে আসা এক নারী জানান, সাত বছর ধরে মা হতে পারেননি তিনি। চিকিৎসায় ফল না পাওয়ায় তিনি আশ্রমে এসেছেন। পরিচিত এক নারীর অভিজ্ঞতা থেকেই তার এখানে আসার অনুপ্রেরণা। আরেক ভক্ত বলেন, লোকমুখে এই মানতের কথা শুনেই তিনি সন্তান প্রার্থনায় এসেছেন। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর থেকে আসা আরেক নারী বলেন, আমার বাড়ির পাশের দুই নারী এখানে মানত করে সন্তান লাভ করেছেন।
তাই তিনিও এসেছেন সন্তানের আশায়। আশ্রমের প্রধান সেবাইত শ্রী পরমানন্দ সাধু বলেন, নবান্নকে কেন্দ্র করে প্রতি বছর মানত করতে অনেক নারী এখানে আসেন। নিঃসন্তান নারীরা প্রথমে স্নান করে অক্ষয় বটমূলে বসে দ্বিতীয়া তিথিতে সন্তান লাভের আশায় প্রার্থনা করেন। প্রার্থনার সময় আঁচলে ফল বা পাতা পড়লে আমাদের নিয়ম অনুযায়ী সেটা তিনদিন খাওয়াতে হয়। নিয়ম অনুযায়ী খেলে অনেকে সন্তান লাভ করেন। পরে তারা মানত অনুযায়ী আশ্রমে বিভিন্ন জিনিস দিয়ে যান। তবে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, এভাবে মানত করা বা বসে থাকার সঙ্গে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অগ্রহণযোগ্য।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net