চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলার গোমস্তাপুরের বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। রবিবার ভোরে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদেরকে আটক করে।
বিভিষন বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদেরকে ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই[বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুদানে নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের পাকুন্দিয়ার বাড়িতে শোকের মাতম
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে সুদানে নিহত সেনাসদস্য জাহাঙ্গীরের গ্রামের বাফড় পাকুন্দিয়ায় চলছে শোকের মাতম। তিনি দক্ষিণ সুদানের আবেই শহরে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে নিহত হন। নিহত জাহাঙ্গীর আলম (৩০) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের কৃষক হজরত আলীর ছেলে। তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। গত শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।
এর মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহাঙ্গীর আলমও রয়েছেন।
তিনি সেনাবাহিনীর মেস ওয়েটার ছিলেন। গত রোববার জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে স্বজনদের আহাজারি চলছে। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। অভাবের সংসারে ভাগ্য বদলের আশায় চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেন। মিশনে যাওয়ার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যুর খবর আসে পরিবারে।
নিহত জাহাঙ্গীরের বাবা হজরত আলী জানান, তার তিন সন্তানের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয়। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে তার বড় ভাইয়ের কাছে মুঠোফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পান। গত রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যন্টনম্যান্ট থেকে ক্যাপ্টেন ইমরান নামে একজন কর্মকর্তা মুঠোফোনে ছেলের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata