কুড়িগ্রামে নৈশপ্রহরীকে হত্যা করে ‘৩৪ লাখ টাকা লুট’
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির হাব অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে উপজেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ওই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তপন চন্দ্র সরকার উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার শান্তিনগর এলাকার মেরিজ সিগারেটের অফিসে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে ভারি কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এরপর অফিসে থাকা ৩৪ লাখ টাকা লুট করে তারা চলে যায়। আঘাতে মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নৈশপ্রহরী তপন চন্দ্র মারা যান। গতকাল রোববার সকালে স্থানীয়রা তপনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত ভারী ও ভোতা কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সিগারেট কোম্পানির অফিস থেকে ৩৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ