মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির বলেছেন, চব্বিশ পরবর্তী সময়ে ঘুষ কল্পনা করা যাবেনা। সরকারি কর্মকর্তারা ঘুষ খেতে চাইলে চাকরি না করে থালা হাতে রাস্তায় গিয়ে ভিক্ষা করুন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের একশ বছরের গতি পরিবর্তনের নির্বাচন। গত তিনটা নির্বাচনে এদেশের তরুণ-যুবক ভোটাররা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। প্রধান অতিথি ডক্টর সৈয়দ এনামুল কবির আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর জবরদস্তি, কারচুপি. বিভিন্ন মাধ্যমে মানুষকে মিসগাইড করে, বাধা বা শক্তি প্রয়োগ করতে চাইলে সেটা রুখে দেওয়া হবে। নির্বাচনের দায়িত্বে আমরা যারা থাকবো তারা প্রতিজ্ঞাবদ্ধ একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিসি সৈয়দ এনামুল কবির বলেন, সমাজে তিন ধরনের তথ্য আছে-মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ও ব্যাড ইনফরমেশন। এই তিনটা তথ্যের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অপতথ্য বা গুজবের কোনো ভিত্তি নেই। এই তিনটা তথ্যই সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ছে। তাই তথ্য যাচাই বাছাই না করা পর্যন্ত সোস্যাল মিডিয়াতে শেয়ার না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মুজাহিদুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবীর গাংনীতে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata