মেট্রোরেলে নিরাপত্তা আরও জোরদার করা হবে-ডিএমটিসিএল এমডি
- আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১৩:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১৩:৩৮ অপরাহ্ন
মেট্রোরেলে অভাবনীয় একটি ঘটনা ঘটে গত রোববার। এদিন মেট্রোর দুটি কোচের মাঝখান দিয়ে এক কিশোর ট্রেনের ছাদে উঠে যায়। এতে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ট্রেনের ছাদে মানুষ উঠে পড়ার ঘটনায় বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার উত্তরা এলাকায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, সে যে বিদ্যুতায়িত হয়নি, এটা সৌভাগ্যের বিষয়। এর থেকে আরও বড় কিছু হতে পারত। তিনি আরও বলেন, গত রাতে আমরা একজন বাচ্চাকে পেয়েছি। আরও দুজন প্রায় উপরে উঠে গিয়েছিল। ভিডিওতে দেখা গেছে, ছেলেটি কারওয়ান বাজারের কোনো এক স্থান থেকে উঠে আগারগাঁও আসে। সেখানে এসে ট্রেন পরিবর্তন করে। পরে দুই কোচের সংযোগস্থল দিয়ে উপরে উঠে যায়। সচিবালয় স্টেশনে যাওয়ার পর সে ছাদে উঠে পড়ে। এ ঘটনার পর গত রোববার আর মেট্রোরেল চলাচল করেনি। এতে রাতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গতকাল সোমবার সকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। রাতভর মেট্রোরেলে তল্লাশি চালানো হয়েছে বলে জানান ফারুক আহমেদ। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি জানানো মাত্রই মেট্রোরেল অপারেশন বন্ধ করা হয়। আরও কেউ আছে কি না, তা নিশ্চিত ছিলাম না। দুই থেকে তিন ঘণ্টা পুরো লাইনজুড়ে আমরা তল্লাশি চালাই। কেউ কোথাও নামছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়। সারারাত শারীরিকভাবে সার্চ করেছি। সকালে সুইপ ট্রেন দিয়েও পরীক্ষা করা হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা সবার আগে। পাবলিক সেফটি ইজ ফার্স্ট- এটা আমরা নিশ্চিতভাবেই মেনে চলব।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার