মাত্র ১৮ বছর বয়সে ক্লাব ও জাতীয় দলে অসাধারণ সাফল্য পেয়ে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামাল। তবে মাঠের বাইরের বিতর্ক এবং চোটের ধাক্কা তাকে ঘিরে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। ঠিক এমন সময়ে বিশ্বখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল ইয়ামালকে সতর্ক করে সাফল্য ধরে রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন।
মোভিস্টারের সঙ্গে সাক্ষাৎকারে নাদাল বলেন, “তার চারপাশে থাকতে হবে এমন মানুষ, যারা সত্যিকার অর্থে তার ভালো চান। যারা সঠিক সময়ে সঠিক কথা বলবে-সফল মানুষ যেসব কথা শুনতে পছন্দ করে না, সেগুলোও। তাকে সেই কথাগুলো শোনার মানসিকতা রাখতে হবে। আলোয় থাকা একজন তরুণের জন্য এটা সহজ নয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।”
সম্প্রতি ইয়ামালকে নিয়ে মাঠের বাইরের আলোচনা-সমালোচনা বেড়েছে। প্রতিপক্ষকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিলাসী পার্টিতে অংশগ্রহণ, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে ঘোরাঘুরি-সব মিলিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সঙ্গে যোগ হয়েছে চোটের সমস্যা। তবুও মাঠে তার পারফরম্যান্স এখনো ধরে রেখেছেন স্পেনের এই প্রতিভাবান ফুটবলার।
নাদাল আরও বলেন, “তার পাশে এমন মানুষ থাকা দরকার, যারা তার উপকারে আসে-হোক তা পরিবার বা সতীর্থ। সবার বাস্তবতা আলাদা, মানসিকতা আলাদা। সাফল্যের অনেক পথ আছে, কিন্তু সেটি কে কীভাবে সামলায়, সেটাই নির্ধারণ করে মানুষ সুখী হবে নাকি অসুখী। খ্যাতি ও সাফল্য একসময় আপনাকে গ্রাস করতে পারে, আপনাকে অসুখীও করতে পারে।”
রাফায়েল নাদাল মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে আত্মপ্রকাশ করেছিলেন। ১৯ বছর বয়সে প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতার পর বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে ওঠেন। অভিজ্ঞতায় তিনি দেখেছেন, খ্যাতি কখনো কারও নিয়ন্ত্রণে আসে না। এই শিক্ষা থেকেই তিনি ইয়ামালকে দিয়েছেন সতর্কবার্তা, যাতে তরুণ তারকার সাফল্য দীর্ঘস্থায়ী হয় এবং খ্যাতি তাকে নিয়ন্ত্রণ করতে না পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
তরুণ তারকা ইয়ামালকে সাফল্য সামলানোর কৌশল বার্তা দিলেন নাদাল
- আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৫:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৫:১০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক